খবরবাংলা ডেস্ক
এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনার সুযোগ পাবেন।
উল্লেখ্য, সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।










