খবরবাংলা ডেস্ক
চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)। তাঁদের মধ্যে মহসিন সম্রাট ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারাবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। আজাহার উদ্দিনও ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের সবার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নে।
পুলিশ জানায়, গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক জব্দ করা হয়। ট্রাক দুটিতে মোট ১৫ হাজার ৫০ কেজি সার ছিল। মাছ ধরার নৌযানে এসব সার বোঝাই করার সময় পুলিশ অভিযান চালিয়ে তিন শ্রমিককে আটক করে। এ ঘটনায় ওই রাতেই ১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন থানার উপপরিদর্শক মতিউর রহমান।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল মহসিন সম্রাট, আজাহার উদ্দিন ও ফাবিয়াতুল ফারাবীর। এ তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সার পাচারের চেষ্টার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সার পাচারের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবরের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ভোরে তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁর একটি কার্যালয়ে অভিযান চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তিনি পলাতক রয়েছেন।
পুলিশের কর্মকর্তারা জানান, গত দুই মাস ধরে মিরসরাই উপকূলের নির্জন এলাকা ব্যবহার করে মিয়ানমারে সার পাচার করা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা দিয়ে পাচারের সময় ৪২ হাজার কেজি ইউরিয়া সার, চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করে কোস্টগার্ড।
সর্বশেষ গত শুক্রবার রাতে মিরসরাই উপকূলে ১৫ হাজার কেজি সারসহ একটি ট্রাক ও চালককে আটক করে পুলিশ। এসব ঘটনায় একই চক্র জড়িত বলে ধারণা তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ ও জাতির শত্রু। তাঁদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।







