খবরবাংলা ডেস্ক
ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তাঁদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আদালতের রায়ে আট আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জরিমানার অর্থ আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় যান। বন্ধুর আসতে দেরি হওয়ায় তিনি একাই নদী পার হয়ে অপর পাড়ে ঘুরতে যান। এ সময় আট আসামি তাঁকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করেন।
ঘটনার প্রায় আট মাস পর আসামিরা সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওর সূত্র ধরে পুলিশ প্রথমে শাহীন শেখকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় প্রথমে সাতজনের নাম উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে ২০২১ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশ সাত আসামির সঙ্গে রিয়াজ শিকদারকে যুক্ত করে মোট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।






