দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানি ভাতা কর্মসূচির উপকারভোগী নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই লটারির আয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপকারভোগী নির্বাচনের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সদস্য হিসেবে ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি।
এই কমিটির তত্ত্বাবধানে দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ৪৫০টি মসজিদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ৮টি মসজিদ নির্বাচিত হয়। নির্বাচিত মসজিদগুলো হলো— দেলদুয়ার সদর ইউনিয়নের বোয়ালজান বাইতুন নূর জামে মসজিদ, পাথরাইল ইউনিয়নের বরটিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, লাউহাটী ইউনিয়নের ভেঙ্গুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া পূর্বপাড়া জামে মসজিদ, ফাজিলহাটী ইউনিয়নের লালহারা মধ্যপাড়া জামে মসজিদ, এলাসিন ইউনিয়নের সানবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদ, ডুবাইল ইউনিয়নের আরমৈষ্টা জামে মসজিদ এবং দেওলী ইউনিয়নের বেংরাইল পুরাতন জামে মসজিদ।
এছাড়া দেলদুয়ার কেন্দ্রীয় গৌর গোপাল মন্দির ও পাথরাইলের রাধা গোবিন্দ মন্দিরকেও সরকারি উপকারভোগীর আওতায় আনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও উপজেলা ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলুসহ অন্যান্যরা।











