খবরবাংলা ডেস্ক :
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ক্রিকেটার অভিষেক। মঙ্গলবার হুগলির মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে চুঁচুড়ার সিজেএম আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অভিযোগ অনুযায়ী, ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান অভিষেক। এমনকি তাকে বিদেশে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯, ৩১১, ৩১৮ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬/৭২ ধারাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে।
পুলিশ প্রথমে অভিষেককে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করলেও আদালত তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। নির্ধারিত সময় শেষে তদন্তের অগ্রগতি প্রতিবেদনসহ তাকে আদালতে হাজির করা হবে।
মামলার বিষয়ে হুগলি জেলার মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন, অভিযোগগুলো গুরুতর এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
আদালত চত্বরে অভিষেকের বড় ভাই ও জাতীয় পর্যায়ের ক্রিকেটার ঈশান পোড়েলকে দেখা গেলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরিবারের অন্য সদস্যরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
জানা গেছে, গত ২৩ জুন কর্ণাটকের এক মেডিকেল শিক্ষার্থী তরুণী অভিষেকের বিরুদ্ধে মগরা থানায় লিখিত অভিযোগ করেন। তার দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। একপর্যায়ে তারা একসঙ্গে বিদেশেও যান। তবে গত দেড় বছর ধরে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক। তার দাবি, মাঠে ভালো পারফরম্যান্স করার কারণে ঈর্ষা থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











