খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের ফুটবলে এমন দাপুটে ও নান্দনিক পারফরম্যান্স সর্বশেষ কবে দেখা গেছে, তা মনে করতে কিছুটা সময় লাগতে পারে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। বিপরীতে শ্রীলঙ্কা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন শমিত সোম। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হামজা চৌধুরী। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দর্শকদের মুগ্ধ করেন ফারহান আলী। প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। এরপর রাকিব হোসেনের চমৎকার ফিনিশিংয়ে চতুর্থ গোল পায় বাংলাদেশ। দৌড়ে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে পেছনে ফেলে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
চার গোলের এই দাপুটে জয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করার পাশাপাশি ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকদের সঙ্গে গোল পার্থক্যে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটানও।
বাংলাদেশ সর্বশেষ ২০১৯ সালে ভুটানের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিল। তবে সেই প্রীতি ম্যাচে একটি গোল হজমও করতে হয়েছিল দলকে।
এবারের জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আগামী ১৪ নভেম্বর রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের। একই দিন বিকেলে অপর সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান।
শ্রীলঙ্কার বিপক্ষে এই বড় জয় নিয়ে এখন নতুন করে স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠাই এখন জামাল-হামজাদের সামনে বড় লক্ষ্য।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











