মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের পর তাঁরা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দিলেও এর সপক্ষে কোনো সাংগঠনিক প্রমাণ দেখাতে পারেননি।
ঘটনা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে হঠাৎ ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেন। স্লোগান শুনে ক্যাম্পাসে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কয়েকজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।আটককৃত দুটি মোটরসাইকেলের কোনটিরই ছিল না নেমপ্লেট।
আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২) ও সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। তাঁরা কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটকের পর প্রাথমিকভাবে তাঁরা নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। তবে কোন ইউনিটের সদস্য বা কোনো পদে আছেন কি না, তার কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজ দেখা দিতে পারেননি। এ সময় আটক একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি দেখায়।
বিষয়টি নিশ্চিত হতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু তাৎক্ষণিক মুঠোফোনে আহমেদ আযম খানের সঙ্গে যোগাযোগ করেন। তবে আযম খান জানান, তিনি আটক ব্যক্তিদের কাউকে চেনেন না এবং দলের কোনো পদে তাঁরা নেই।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করলেও কার নির্দেশে বা কী উদ্দেশ্যে তাঁরা ক্যাম্পাসে এসেছিলেন, সে বিষয়ে মুখ খোলেননি।
প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাস
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী এবং সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস ও আনোয়ার কবির। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।
এদিকে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের আটকের ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শিক্ষকদের ভূমিকা, ক্যাম্পাসে বহিরাগতদের উসকানি এবং আটক ব্যক্তিদের ভুয়া রাজনৈতিক পরিচয়ের বিষয়টি তুলে ধরেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি উঠেছে।











