খবরবাংলা ডেস্ক :
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে।
সে অনুযায়ী, আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল-কলেজে ছুটি থাকতে পারে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী বিষয়টি নিশ্চিত করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ সময়ে ছুটি পেতে পারেন।
বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় ছুটি নিয়ে অনিশ্চয়তা
বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত টানা ছুটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
তাই ছুটির পরিকল্পনা করার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত ছুটির তালিকা ও কর্তৃপক্ষের নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।











