খবরবাংলা ডেস্ক :
রাঙামাটির সাজেক ভ্যালিতে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা।
বুধবার (২২ অক্টোবর) সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, সাজেকে অবস্থানরত পর্যটকদের ওই দিন বিকেল ৪টার মধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হতে বলা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পর্যটককে সাজেকে যেতে নিষেধ করা হয়েছে।
এর আগে, সাজেকে দুটি সংগঠনের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে। পরে সংগঠন দুটি ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছিল। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে।
অবরোধের কারণে সাজেকে পর্যটকদের যাতায়াত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করায় সেখানে অবস্থানরত পর্যটকদের ফিরে যেতে হচ্ছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং পর্যটনকেন্দ্র পুনরায় চালুর বিষয়ে প্রশাসনের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : যমুনা টিভি










