মো.আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের একটি আকাশমণি গাছ শিকড়সহ উপড়ে পড়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে গাছটি সরাসরি বাউন্ডারি ওয়ালের ওপর আছড়ে পড়ে। এতে ৬ ফুট উচ্চতার ওয়ালের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে চুরমার হয়ে যায়, যার ফলে বিদ্যালয়ের প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হুদা জানান, সকালে বিদ্যালয়ে এসে তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি প্রত্যক্ষ করেন এবং ভাঙা অংশ পরিমাপ করেন। তিনি আরও জানান, বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ মহোদয়কে বিষয়টি দ্রুত অবগত করা হবে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. আবু বক্কর সিদ্দিক দ্রুত গাছটি সরিয়ে নিয়ে সীমানা প্রাচীর মেরামতের দাবি জানিয়েছেন। অন্যদিকে, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ জানান, বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নিয়ে সীমানা প্রাচীর মেরামতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











