খবরবাংলা ডেস্ক :
মাত্র দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, তার এই মন্তব্যের মাধ্যমে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি ইঙ্গিত করেছেন আসিফ মাহমুদ। তবে পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
এদিকে, আসিফ মাহমুদের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। আবার কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের সময় আসিফ মাহমুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি










