খবরবাংলা ডেস্ক :
পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে আপাতত সেই প্রস্তাব প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভা চলাকালে বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ড চেয়ারম্যান।
তিনি বলেন, বিভিন্ন বিষয় আলোচনা ও বিশ্লেষণের ভিত্তিতেই বোর্ডকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যা বেআইনি কিংবা বাস্তবসম্মত নয়।
বোর্ড চেয়ারম্যান জানান, বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। উভয় পক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপনের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
সাময়িক বিরতির বিষয়ে তিনি বলেন, নামাজ আদায় এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার জন্য সভা কিছু সময়ের জন্য মুলতবি রাখা হয়েছে। এরপর আবার আলোচনা শুরু হবে।
সভা শেষে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনই প্রকাশ করা হবে না। প্রয়োজনে পরবর্তী দিনও সভা অনুষ্ঠিত হতে পারে। এ জন্য তিনি আরও এক দিন সময় দেওয়ার অনুরোধ জানান।
বোর্ডের আলোচ্যসূচিতে পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










