খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার বিষয়ে আলোচনায় এনসিপি কোনো শর্ত দেয়নি বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সংলাপ শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদী আমিন।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও আকরাম হোসেন।
ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং দেশের স্বার্থে একযোগে কাজ করার বিষয়ে বৈঠকে মতবিনিময় হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অভিযাত্রায় রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধের বহিঃপ্রকাশ ঘটেছে এই বৈঠকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন।
বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, দেশের সার্বভৌমত্ব, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সব পক্ষের ঐকমত্য প্রয়োজন।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত পতিত স্বৈরাচারের অপশক্তি যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
বৈঠকে কোনো শর্ত দেয়নি এনসিপি
বৈঠকে এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সেখানে শর্ত দেওয়ার মতো কোনো বিষয় ছিল না। স্বাভাবিক মতবিনিময়ের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি দল তাদের বক্তব্য তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মতনির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা আরও সুসংহত করার কাজ চলছে।
সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন জানান, নির্বাচনি ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি জানান, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কারকে চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেছে এনসিপি
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিং করে এনসিপি। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিষয়ে এবং দেশকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির পেছনে গত সাত-আট মাসের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতার অভিযোগ, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করার বিষয়গুলো উল্লেখ করেন নাহিদ।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য কিংবা জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে রাখার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










