টাঙ্গাইল সদর সংবাদ দাতা
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। এ সময় তিনি কৃষকদের মধ্যে কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইল শহরের উদ্যান কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশের সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। সাংবাদিকরা সারাদিন সমাজের বিভিন্ন সমস্যা ও অনিয়ম তুলে ধরে দায়িত্ব পালন করেন।
যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি টুকু আরও বলেন, টাঙ্গাইলকে আধুনিক জেলায় রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডের নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এ সময় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











