খবর বাংলা ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সেলিম সরকার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে।
রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সেলিম সরকার নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিতেন। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর দুটি নেমপ্লেট ও ব্যাজ উদ্ধার করা হয়।
ওসি একরামুল হোসাইন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সেনা কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া ২০১১ সালেও বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











