খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলন-২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণের অব্যাহত সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) পাঠানো এক বিবৃতিতে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এ আমন্ত্রণ জানান। বিবৃতিতে তিনি বলেন, মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।
আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব সরকার সম্মেলন। ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকারব্যবস্থা গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনে বিশ্বের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা, জনসেবার মান উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনায় উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৬ সালের বিশ্ব সরকার সম্মেলনে ১৫০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৫০০ জনের বেশি মন্ত্রী উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি।
বৈশ্বিক অগ্রগতির অভিন্ন লক্ষ্য ও কৌশল নির্ধারণে ওই সম্মেলনে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











