খবরবাংলা ডেস্ক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। রোববার (২৯ নভেম্বর) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, শুনানিতে চার আসামিকে হাজির করা হবে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২১ নভেম্বর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক বিচারিক কার্যক্রম শুরুর দিন নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং আসামিরা কারাগারে রয়েছেন।
পিপি জানান, ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হবে। মামলার দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে আসামিদের কেউ আদালতে উপস্থিত না হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারক।
যেভাবে ঘটে অপ্রতিম হত্যাকাণ্ড
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এবার অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











