খবরবাংলা ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, ততই সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সুর পরিবর্তন হবে।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
রাশেদ খান আরও উল্লেখ করেন, গত শনিবার রাতে শেখ হাসিনা ফেসবুক লাইভে কথা বলেছেন। সেখানে দেওয়া অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…।’ অন্য একটি বক্তব্যে তিনি বলেছেন, ‘সুযোগ পেলে যাব।’
রাশেদ খানের দাবি, শেখ হাসিনা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি যে তিনি ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন। এ কারণে তিনি মনে করছেন, নির্দিষ্ট ওই তারিখে ফেরার ঘোষণা থেকে শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন।
এদিকে দেশে যারা অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান।
তিনি বলেন, শেখ হাসিনার অডিও বক্তব্যের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। অন্যথায় নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। এ প্রসঙ্গে তিনি বাগেরহাটবাসীর প্রতিরোধের কথাও উল্লেখ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











