খবরবাংলা ডেস্ক :
অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধির গতি মন্থর থাকতে পারে। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে এ বাস্তবতা মেনেই সরকারকে এগিয়ে যেতে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার বর্তমানে অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। এ মুহূর্তে সরকারের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এ জন্য আরও কিছুদিন প্রবৃদ্ধির হার কম থাকতে পারে। এই বাস্তবতা মেনে নিয়েই সরকারকে কাজ করতে হবে।
জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য আমদানি করতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমদানির মাধ্যমেও বাংলাদেশকে মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আমদানিজনিত মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে।
অর্থমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা চলছে।
অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের অর্থনীতির অগ্রগতি দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান উপস্থাপন করবে না। অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, ‘একটি উন্মুক্ত সরকারের লুকানোর কিছু নেই। তথ্য গোপন করে কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না। ভুল পরিসংখ্যান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে।’
তথ্য সূত্র : কালের কণ্ঠ










