খবরবাংলা ডেস্ক :
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে এক বস্তা চিঠি ও চিরকুট। এসব চিঠির মধ্যে রয়েছে নানা মানুষের ব্যক্তিগত কষ্ট, ভালোবাসা, স্বপ্ন ও প্রার্থনার কথা। কোনো চিঠিতে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের হাতে প্রতারিত হওয়ার বিচার চাওয়া হয়েছে। আবার কোনো চিরকুটে প্রিয়জনের ভালোবাসা পাওয়ার আকুতি জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) প্রায় পাঁচ মাস পর মসজিদটির ১৫টি দানসিন্দুক খোলা হয়। চার মাস ২৪ দিন পর খোলা এসব সিন্দুক থেকে চিঠি ও চিরকুট এবং স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে ৭টা থেকে টাকা গণনার কাজ শুরু হয়।
উদ্ধার হওয়া চিঠিগুলোর মধ্যে একটি ছিল ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হওয়া এক ব্যক্তির। চিঠিতে নিজের খোয়ানো অর্থের কষ্টের কথা তুলে ধরার পাশাপাশি প্রতারক দালালদের শাস্তি চেয়েছেন তিনি। একই সঙ্গে নিরাপদ অভিবাসনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।
চিঠিতে ওই ব্যক্তি তাঁর ইউরোপযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই কামনা করেছেন। পাশাপাশি বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ও ভিসা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। ভবিষ্যতে যেন আর কেউ দালালদের প্রতারণার শিকার না হন, সেই প্রার্থনাও করেছেন তিনি। চিঠির শেষে নিজেকে ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে পরিচয় দিয়েছেন।
এদিকে দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণা নামের এক তরুণীকে উদ্দেশ করে লেখা আবেগঘন প্রেমের চিরকুট। সেখানে এক প্রেমিক লিখেছেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ চিরকুটের শেষাংশে স্বর্ণার হৃদয়ে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’
আরেকটি দীর্ঘ চিঠিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন এক ব্যক্তি। তাঁর দাবি, শ্যালকের হাতে তাঁর ২০ মাস বয়সী শিশু নির্যাতনের শিকার হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন লাখ ৫৬ হাজার টাকা নিয়ে গেছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন।
ওই ব্যক্তির দাবি, শ্বশুরবাড়ির লোকজনের কারণে তাঁর প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এসব ঘটনার ন্যায়বিচার এবং হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় পাগলা মসজিদের দানবাক্সে টাকা দিয়ে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানিয়েছেন তিনি।
এ ছাড়া পাওয়া চিঠি ও চিরকুটে কেউ রোগমুক্তির প্রার্থনা করেছেন, কেউ সুন্দরী বা চিকন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আবার কেউ পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখতে চেয়েছেন। সব মিলিয়ে মানুষের বিচিত্র আশা, আকাঙ্ক্ষা, ব্যক্তিগত দুঃখ-কষ্ট ও আবেগের প্রকাশ ঘটেছে এসব চিঠিতে।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দ্রুত দানসিন্দুক পূর্ণ হয়ে যাওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। এতে দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে।
তিনি বলেন, চিঠি ও চিরকুটের কারণে সিন্দুকগুলোতে জায়গার সংকট তৈরি হচ্ছে। এ ধরনের অপ্রাসঙ্গিক ও বিব্রতকর চিঠি দানবাক্সে না ফেলার জন্য নিয়মিত অনুরোধ জানানো হলেও অনেকেই তা মানছেন না। এতে টাকা গণনার কাজে বিঘ্ন ঘটছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।











