খবরবাংলা ডেস্ক :
পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর ভাই উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র যারা করছে, তাদের জানা উচিত বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। দেশকে এগিয়ে নিতে যা প্রয়োজন, সরকার তা-ই করবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ এবং থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে এসব কর্মকাণ্ড করে কোনো লাভ হবে না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে।
সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না বর্তমান সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
থানা ও সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করেন সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে কোনো এলাকার মানুষ যদি মনে করেন সেখানে সরকারি অফিস, আদালত কিংবা উন্নয়ন কার্যক্রমের প্রয়োজন নেই, তাহলে সেগুলোও করা হবে না। জনগণের চাহিদা ও মতামতের ওপর ভিত্তি করেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










