খবরবাংলা ডেস্ক :
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠনের কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় হায়দরাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ নিয়ে রাজনৈতিক দলটির সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরোধ আরও তীব্র হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভারতীয় যুব কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিওতে হায়দরাবাদে মেটার কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের দৃশ্য দেখা যায়। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে মেটার সবচেয়ে বড় বাজার ভারতে এ ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা। অন্যদিকে, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নিয়ন্ত্রণ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আপত্তিকর মনে হওয়া কনটেন্ট সরানোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপের কারণে এ বিতর্ক আরও জোরালো হয়েছে।
মোদি সরকারের দাবি, স্থানীয় আইন লঙ্ঘন করে কিংবা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। তবে কংগ্রেসের অভিযোগ, অনলাইনে বিরোধী মত দমনে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের দলের অ্যাকাউন্ট ও কনটেন্ট সরিয়ে দিচ্ছে এবং এতে মোদি সরকার সুবিধা পাচ্ছে।
অন্যদিকে, মেটার বক্তব্য, ভারতে স্থানীয় আইন মেনেই বিভিন্ন কনটেন্ট সীমাবদ্ধ করা হয়।
মেটার কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির
কংগ্রেসের বিক্ষোভের সমালোচনা করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি। শনিবার তিনি অভিযোগ করেন, কংগ্রেসকর্মীরা শুধু হায়দরাবাদে মেটার কার্যালয়ে ভাঙচুর ও ক্ষতিসাধনই করেননি, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনাও প্রচার করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এটাই কংগ্রেস মডেল: বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর করা।’
এ বিষয়ে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা ভবনে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। ভারতীয় যুব কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এ সময় তারা ভবনের ভেতরে থাকা গাছের টব ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ছাড়া মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্লোগান লিখতে দেখা যায় কংগ্রেসকর্মীদের। এ সময় বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গেও তাদের ধস্তাধস্তি হয়। নয়াদিল্লির কাছের গুরুগ্রামেও বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। সেখানে তাদের হাতে ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’ লেখা ব্যানার দেখা যায়।
ভারতীয় যুব কংগ্রেস এক্সে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় চালু করা না হলে দেশজুড়ে মেটার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা হবে।
দুটি অ্যাকাউন্ট চালু হলেও সীমাবদ্ধ হাজারো অ্যাকাউন্ট
যুব কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মনু জৈন শনিবার রয়টার্সকে বলেন, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচনা করেন—এমন সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।
মনু জৈনের দাবি, মেটাকে তাদের অ্যালগরিদম কীভাবে বিভিন্ন পোস্ট সীমিত করে, তা ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি সরকারের নির্দেশে সরিয়ে দেওয়া অ্যাকাউন্টগুলোও পুনর্বহাল করতে হবে।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, চলতি বছর ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকতাসংক্রান্ত কনটেন্ট সরিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা অধিকারকর্মীদের আশঙ্কা, সরকারের নতুন নিয়মের কারণে কনটেন্ট সরানোর অনুরোধ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব কম সময় পাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে মোদি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্টের বিষয়ে নোটিশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে তা সরানোর নির্দেশ দেয়। এর আগে এ ধরনের কনটেন্ট সরানোর জন্য সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইন মেনে প্রতিষ্ঠানটি ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছে। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়ার পরই ভারতের অবস্থান। এর আগের ছয় মাসে দেশটিতে প্রায় ৭০ হাজার পোস্ট বা অ্যাকাউন্ট সীমাবদ্ধ করা হয়েছিল।
মেটা জানিয়েছে, সীমাবদ্ধ করা কনটেন্টের বড় অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনে প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে সরানো বা সীমিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নিয়ন্ত্রণ, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে ভারতে চলমান বিতর্কের মধ্যেই কংগ্রেস ও মেটার এই বিরোধ নতুন মাত্রা পেয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











