খবরবাংলা ডেস্ক :
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ভারত থেকে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার গুঞ্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।
শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা, তাঁর যাতায়াতের মাধ্যম, নিরাপত্তা কিংবা তাঁকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই।
এর আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে বলে আলোচনা চলছে। এর মধ্যে একটি হলো সামরিক বিমান বা সামরিক বাহিনীর মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং অন্যটি হলো বাংলাদেশের আদালতে তাঁর পুনরায় বিচারপ্রক্রিয়া।
তবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেন, তিনি আগে যে বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছিলেন, সেটি মূলত প্রত্যর্পণ প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া প্রত্যর্পণ আইন অনুযায়ী পরিচালিত হবে।
এদিকে, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিতের কারণ জানতে চাইলে জয়সওয়াল বলেন, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে সংলাপের পরবর্তী দফা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় তোলা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
তথ্য সূত্র : যমুনা টিভি











