খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে চালক ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে।
ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিররটেক বাজার জামে মসজিদের সামনে মদনপুর-গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই করে ট্রাকটি বুধবার রাত সাড়ে ৩টার দিকে মিররটেক বাজার মসজিদের সামনে এসে থামে। মালামাল খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে পার্ক করে চালক ও তার সহকারী (হেলপার) ভেতরে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে তিনি চালককে ঘুম থেকে ডেকে তোলেন। ওই নারীর দাবি, একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুনের খবর পেয়ে চালক দ্রুত ট্রাকটি চালিয়ে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। পরে আগুন নেভানোর আশায় সড়কের পাশের পানিতে ট্রাকটি নামিয়ে দেন। তবে শুকনো খড় থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










