খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে টানা দুই দফায় সোনার দাম কমল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











