খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বরও স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে এই মূল্য কার্যকর হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











