খবরবাংলা ডেস্ক :
তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে আজ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
বোর্ডের আলোচনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে গ্রেড-১-এ সর্বনিম্ন মজুরি সাড়ে ২১ হাজার টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে কমপক্ষে দুই হাজার টাকা সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে মালিকপক্ষের প্রস্তাবে শ্রমিক প্রতিনিধিরা আপত্তি জানান। দুই পক্ষের প্রস্তাবে ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। পরে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











