খবরবাংলা ডেস্ক :
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।
নতুন পুলিশ সুপার নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ। একই প্রজ্ঞাপনে এসপি ও সমমর্যাদার আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
নড়াইলের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে। খুলনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খীন মুহাম্মদ আবু নাসের।
এ ছাড়া ফেনীর নতুন পুলিশ সুপার হয়েছেন গাইবান্ধার বিদায়ী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গাইবান্ধায় নিয়োগ পেয়েছেন ঢাকার এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যদিকে, নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
বিদায়ী এসপিসহ আরও ৭ কর্মকর্তার বদলি
প্রজ্ঞাপনে সাত জেলার বিদায়ী পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এর মধ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পাঠানো হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











