কালিহাতী
,
সংবাদ দাতা
প্রকৃত মেধাবীরাই ভবিষ্যতে মূল্যায়িত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে একটি মানসম্মত ও কার্যকর কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। গতানুগতিকভাবে জিপিএ-৫ বা গোল্ডেন মার্ক প্রদানের প্রবণতা কমিয়ে প্রকৃত মেধা, সৃজনশীলতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চলতি শিক্ষাবর্ষে শুদ্ধ বানান ও উন্নতমানের প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষাসামগ্রী পাবে এবং শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের গুণী দুইজন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং গুণীজনদের সম্মান জানালে তরুণ সমাজ অনুপ্রাণিত হয়। তিনি বলেন, শিক্ষা হলো আলোকচ্ছ্বটা। শিক্ষার আলো মানুষকে আলোকিত করে এবং সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির পক্ষে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়।
নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়ছার)। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মুঞ্জুরুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী। এছাড়া কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন, সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হক সিদ্দিকী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











