খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের শিকার পরিবারগুলোর পাশে রাষ্ট্রকে আন্তরিকভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। কোনো মাকে সন্তানের জন্য কিংবা কোনো স্ত্রীকে স্বামীর জন্য দীর্ঘদিন অপেক্ষা করে চোখের পানি ফেলতে হবে না। গুমের সঙ্গে জড়িত অপরাধীরা যতই ক্ষমতাবান হোক, তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু ভয়ের সংস্কৃতি থাকবে না। আইনশৃঙ্খলা বজায় থাকবে, তবে আইনের নামে মানবাধিকার ও সুবিচার লঙ্ঘনের সুযোগ থাকবে না। রাষ্ট্রীয় ক্ষমতার ওপর সংবিধান ও আইনের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে পরিমাপ করা যায় না। রাষ্ট্র কতটা গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক এবং নাগরিকরা কতটা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করছেন—এসব বিষয়ই প্রকৃত উন্নয়ন ও সাফল্যের গুরুত্বপূর্ণ সূচক।
গুমকে সাধারণ অপরাধ নয়, মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গুমের মাধ্যমে একজন মানুষকে শুধু তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় না, বরং স্বজনদের হাসি, শান্তি, স্বপ্ন ও সামাজিক-অর্থনৈতিক স্বস্তিও কেড়ে নেওয়া হয়। এর মাধ্যমে নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা, আইনি সুরক্ষা ও মানবিক মর্যাদার মতো মৌলিক অধিকারও লঙ্ঘিত হয়।
বিগত দেড় দশকে গুমের শিকার হওয়া ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনসহ অনেকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভিন্নমতাবলম্বী অনেক মানুষকে বছরের পর বছর ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছে। কেউ ফিরে এলেও এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, শুধু অপরাধীদের শাস্তি দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হবে না। দীর্ঘদিন ধরে প্রিয়জনের অপেক্ষায় থাকা পরিবারগুলো যে অনিশ্চয়তা, আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণা বহন করেছে, তাদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











