খবরবাংলা ডেস্ক :
বগুড়ায় অভিযান চালিয়ে কথিত ‘রকি বাহিনীর’ প্রধান রকি মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলভার, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহিনীর তিন নারী সদস্যসহ আরও ছয়জন পালিয়ে যান।
পুলিশ জানায়, রকি মিয়া দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এছাড়া তার স্ত্রী রাইসা ও দুই নারী সহযোগীর বিরুদ্ধে বিভিন্ন বয়সী ব্যক্তিকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে রকি বাহিনীর আস্তানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে রকি মিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি বিদেশি রিভলভার, বুলেট, কয়েকটি চাইনিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় রকির স্ত্রী রাইসা, দুই নারী সহযোগী এবং আরও তিন যুবক পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











