মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি ও আদর্শকে ধারণ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আয়োজিত ‘ভাসানী মেলা’য় ৪০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল’। ‘স্বপ্নের ভেলায়, ভাসানী মেলা’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খেলাধুলা, বিনোদন ও উপহার বিতরণের নানা আয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে শিশুদের নিয়ে খেলাধুলা, নৌকায় চড়া, নাগরদোলা ও মিনি ট্রেনে ভ্রমণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। দিনব্যাপী আনন্দঘন আয়োজনের শেষ পর্যায়ে শিশুদের একসঙ্গে খাবার খাওয়ানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের স্বাভাবিক শৈশব উপভোগের সুযোগ তৈরি করা এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংগঠনটি বিশ্বাস করে, আনন্দ ও উৎসব সবার জন্য। তাই শিশুরা যেন আর্থিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ আয়োজন।
সংগঠনটির সভাপতি তাহের চিশতি সিয়াম বলেন, ‘আমি চাই, চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল এমন একটি কার্যকর ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হয়ে উঠুক, যেখানে প্রতিটি শিশু তার মেধা, প্রতিভা ও সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পাবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা যেন আর্থিক বা সামাজিক সীমাবদ্ধতার কারণে নিজেদের স্বপ্ন থেকে পিছিয়ে না পড়ে। আমাদের প্রতিটি উদ্যোগ শুধু সাময়িক আনন্দ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের শিক্ষা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে ভূমিকা রাখুক। আমি চাই, আমরা এমন কিছু দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণ করি, যার ইতিবাচক প্রভাব শিশুদের ভবিষ্যৎ জীবনেও প্রতিফলিত হবে।’
তিনি আরও জানান, সংগঠনটির অধীনে পরিচালিত স্মাইল সেন্টারে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য সপ্তাহে তিন দিন একাডেমিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকেরা এসব শিশুর ক্লাস নিয়ে থাকেন। শিশুদের পুষ্টি ও নিয়মিত উপস্থিতির কথা বিবেচনায় নিয়ে প্রতিদিন ক্লাস শেষে তাদের জন্য হালকা নাশতার ব্যবস্থাও রাখা হয়েছে। বর্তমানে স্মাইল সেন্টারে ৩০ জন শিক্ষার্থী যুক্ত রয়েছে।
সংগঠনটির সেক্রেটারি এম এস আলম খান শ্রাবণ বলেন, ‘আমরা মনে করি, প্রতিটি শিশুরই আনন্দময় শৈশব পাওয়ার অধিকার রয়েছে। সেই ভাবনা থেকেই আজ ভাসানী মেলা উপলক্ষে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে আমাদের এই আয়োজন। তাদের আনন্দ, উচ্ছ্বাস ও মুখের হাসিই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা চাই, সমাজের প্রতিটি শিশুই যেন তার শৈশবকে আনন্দের সঙ্গে উপভোগ করার সুযোগ পায়। চিলড্রেনস হ্যাভেন ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যেতে চায়।’
উল্লেখ্য, চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা এবং সামগ্রিক বিকাশে কাজ করছে সংগঠনটি। শিক্ষা সহায়তা, স্মাইল সেন্টার পরিচালনা, খাদ্য ও পুষ্টি সহায়তা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানির ব্যবস্থা এবং শিশুদের সৃজনশীলতা বিকাশসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে তারা। সংগঠনটির টাঙ্গাইল শাখার কার্যক্রম মূলত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচালনা করেন। ‘এভরি চাইল্ড ডিজার্ভস আ বেটার টুমরো’—এই স্লোগানকে ধারণ করে শিশুদের জন্য একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক ভবিষ্যৎ গড়ে তোলাই সংগঠনটির লক্ষ্য।











