খবর বাংলা ডেস্ক :
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে মঙ্গলবার। এটি একটি বলয়গ্রাস বা অগ্নিবলয় সূর্যগ্রহণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা গেলেও ভারত থেকে তা দেখা যাবে না।
সূর্যগ্রহণ ঘটে তখনই, যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকা চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে একই সরলরেখায় অবস্থান নেয়। এ সময় পৃথিবী থেকে সূর্যের একটি অংশ আড়াল হয়ে যায়। তবে বলয়গ্রাস গ্রহণের ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে, ফলে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। তখন সূর্যের চারপাশে উজ্জ্বল আগুনের আংটির মতো একটি বলয় দেখা যায়, যাকে ‘রিং অফ ফায়ার’ বলা হয়।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA–এর বিজ্ঞানীদের মতে, এই ধরনের গ্রহণে চাঁদের আপাত আকার ছোট দেখায় বলেই সূর্যের প্রান্তে উজ্জ্বল বলয় দৃশ্যমান হয়। আকাশে তখন কালো ডিস্কের চারপাশে আলো ঝলমলে একটি বৃত্ত তৈরি হয়, যা দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।
ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ২৬ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট স্থায়ী এই গ্রহণ বিকেল ৫টা ৪২ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সে সময় প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড অগ্নিবলয় দৃশ্যমান থাকবে।
ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, কারণ গ্রহণের সময় সূর্য দিগন্তরেখার নিচে অবস্থান করবে। তবে অ্যান্টার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো থেকে গ্রহণটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। বিশেষ করে Concordia Station এলাকা থেকে এটি ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জিম্বাবুয়ে, জাম্বিয়ার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যেতে পারে।











