টাঙ্গাইল সদর সংবাদ দাতা
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিতব্য নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সদস্য হিসেবে যোগ দিতে ডাক পেয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে টেলিফোনে বিষয়টি জানানো হয় বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন স্বপন। তিনি ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট।
এর আগে কয়েকটি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে অংশ নিলেও জয় পাননি তিনি। এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন।











