খবরবাংলা ডেস্ক :
এশিয়ান গেমস শুরুর আবহেই মাঠের বাইরে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। উদ্বোধনী দিনেই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়োজকদের অনুরোধে চীন নারী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ে মাঠে গেলেও শেষ পর্যন্ত মাঠে আসেনি স্বাগতিক দলটি।
শনিবার সকাল ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, ম্যাচের জন্য বাংলাদেশ দল সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যায়। তবে মাঠে যাওয়ার পর কিউরেটর তাদের জানান, ম্যাচটি অনুষ্ঠিত হবে না। পরে জানা যায়, চীন নারী দল মাঠে আসছে না।
প্রতিপক্ষ না আসায় বাংলাদেশ দল পরবর্তী সময়ে নিজেদের অনুশীলন সেরে নেয়। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালকে সামনে রেখেই অনুশীলনে মনোযোগ দেয় নিগার সুলতানা জ্যোতির দল।
স্বাগতিক চীনের এমন অনুপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে এই প্রীতি ম্যাচে সম্মতি দিয়েছিল বাংলাদেশ। ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চীন দল মাঠে না আসার বিষয়টি অলিম্পিক কাউন্সিল অব এশিয়াকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
চীন দল কেন মাঠে আসেনি, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইমরোজ আহমেদ ধারণা করছেন, চীন হয়তো একটি পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ম্যাচ খেলতে চেয়েছিল। অন্যদিকে বাংলাদেশ শুধু প্রীতি ম্যাচ খেলতে সম্মতি দিয়েছিল। দুই দলের মধ্যে যোগাযোগের দায়িত্বে থাকা মধ্যস্থতাকারীরা বিষয়টি চীনকে সঠিকভাবে বোঝাতে ব্যর্থ হয়ে থাকতে পারেন বলেও তিনি মনে করেন।
এর আগে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











