খবরবাংলা ডেস্ক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ৭ নভেম্বর এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করে। স্বাধীনতার পর একটি দল বিভিন্ন আইন প্রণয়ন ও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করেছিল। এতে দেশ অন্ধকারের দিকে চলে যায় এবং স্বাধীন জাতির বিকাশের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, পরবর্তী সময়ে জাতি আবার নতুন করে পথের দিশা খুঁজে পায়। জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ষড়যন্ত্র থেমে থাকেনি। তবে গণতান্ত্রিক চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে। দেশের প্রতিটি গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে ৭ নভেম্বরের আদর্শ জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বারবার বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। ২০২৪ সালের পরাজিত শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগণের অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ২০২৪ সালের আন্দোলনের পেছনেও ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। পাশের দেশে অবস্থানরত ষড়যন্ত্রকারীদের অর্থায়নে দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে। ফ্যাসিস্টদের আবার দেশের ক্ষমতায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব ধরনের অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলেও জানান রুহুল কবির রিজভী।











