খবরবাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অঞ্চলটিতে হুতিদের হামলার ঝুঁকি বৃদ্ধি এবং ইরানের হুমকির প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে ইরান—এমন দাবিও করেছে দপ্তরটি।
সতর্কবার্তায় আরও বলা হয়, আঞ্চলিক পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে অন্যান্য ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











