খবর বাংলা ডেস্ক :
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাতের উদ্ভাবিত ‘স্মার্ট কারে’ চড়ে ঘুরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রিফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তরুণ উদ্ভাবকের তৈরি ব্যাটারিচালিত ছোট বাহনটি পরিদর্শন করেন এবং এতে চড়েও দেখেন।
‘এ টু আই স্মার্ট কার’ নামের এই যানটি নিজ উদ্যোগে তৈরি করেছেন ১৭ বছর বয়সী ওয়াকিমুল ইসলাম রিফাত। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে কারটি চালিয়ে দেখান তিনি।
দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবনের জন্য রিফাতের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রিফাত জানান, একসময় তিনি ঘরে বসেই সময় কাটাতেন এবং একা চলাফেরা করতে পারতেন না। সেই সীমাবদ্ধতা কাটানোর চিন্তা থেকেই স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন তিনি।
যশোরের চৌগাছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী রিফাত বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্কদের চলাচলে সহায়ক হতে পারে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।











