খবরবাংলা ডেস্ক :
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে প্রত্যর্পণের চেষ্টা করছে। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, জনগণ চায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার স্বচ্ছভাবে সম্পন্ন হোক এবং আদালতের চূড়ান্ত রায় যথাযথভাবে কার্যকর করা হোক।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার জনগণের মধ্যে সেই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায়। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনে বিএনপিরও ভূমিকা ছিল এবং যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান পালন করা হবে।
সরকারের ভাষ্য অনুযায়ী, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











