খবরবাংলা ডেস্ক :
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে—যেখান থেকেই ষড়যন্ত্র হোক না কেন, প্রতিটি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তব্যে আওয়ামী লীগের দিকেও অভিযোগের আঙুল তোলেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আবারও দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।
তিনি আরও বলেন, দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যে দেশের মানুষ এসব ঐতিহাসিক ঘটনা ঘটাতে পারে, ষড়যন্ত্র করে সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্ভব নয়।
সমাবেশে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
তথ্য সূত্র : যমুনা টিভি










