খবরবাংলা ডেস্ক :
ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলকে ভারতে এনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করলেও এবার বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ম্যাচ আয়োজনের পরও দুই দেশের নির্ধারিত পারিশ্রমিকের পুরো অর্থ পরিশোধ করতে পারেনি ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বকেয়া অর্থ পরিশোধের জন্য ফেডারেশনের ২০ কোটি রুপির স্থায়ী আমানত (এফডি) ভাঙার প্রস্তাব দিয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে। তবে তাঁর এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা।
গত মাসে কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করে ভারত। পাশাপাশি বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পানামার পাওনা পুরোপুরি পরিশোধ করা হলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত তাদের নির্ধারিত পারিশ্রমিকের মাত্র ৫০ শতাংশ পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে এআইএফএফের বকেয়া রয়েছে প্রায় ১৯ কোটি রুপি। অন্যদিকে উরুগুয়েকে পরিশোধ করতে হবে ৪ কোটি ৭০ লাখ রুপি। এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধে সময় বাড়ানোর আবেদন করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
বকেয়া পরিশোধের বিকল্প হিসেবে ২০ কোটি রুপির স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দেন সভাপতি কল্যাণ চৌবে। তবে ফেডারেশনের সদস্যরা এতে সম্মতি দেননি। তাঁদের মতে, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। এ ছাড়া নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া স্থায়ী আমানতের অর্থ উত্তোলনের সুযোগও নেই।
বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এআইএফএফের সহসভাপতি এনএ হারিসের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের প্রত্যাশা করেছিল ফেডারেশন। কিন্তু টিকিটের দাম তুলনামূলক বেশি হওয়ায় প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়েছে টিকিটিং পার্টনারের কাছ থেকে নেওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থ ঘিরে। বিক্রি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় এই অর্থের একটি অংশ ফেরত দিতে হতে পারে এআইএফএফকে।
সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর আর্থিক চাপ সামলাতে গিয়ে নতুন সংকটের মুখে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











