ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীর ওপর সেতু না থাকায় উত্তর পাশের সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নদী পারাপারে একমাত্র ভরসা একটি ছোট খেয়া নৌকা। এতে প্রতিদিন যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, উপজেলার জুয়াদ আলী মোড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর দুই পাশে সংযোগ সড়ক থাকলেও নদীর ওপর কোনো সেতু নেই। ফলে রামপুর, গোপীনাথপুর, রায়ের বাসালিয়া, খন্দকার পাড়া ও ভূঁইয়া পাড়াসহ সাতটি গ্রামের মানুষকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হয়।
নৌকার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা স্থানীয়দের নিত্যদিনের ঘটনা। রাতে মাঝি না থাকলে অনেক সময় বাধ্য হয়ে সাঁতরে নদী পার হতে হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা।
যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় এ অঞ্চলের মানুষ জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নিতে পারেন না। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, নদীর ওপর সেতু না থাকায় দূরদূরান্ত থেকে আসা আত্মীয়স্বজনদের যাতায়াতেও সমস্যা হয়। এমনকি যোগাযোগের অসুবিধার কারণে অনেক সময় বিয়ের মতো সামাজিক আয়োজনেও নেতিবাচক প্রভাব পড়ে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, সেতু না থাকায় নদী পারাপারে মানুষের দুর্ভোগের বিষয়টি তিনি অবগত। তিনি নিজে স্থানটি সরেজমিনে পরিদর্শনও করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেখানে দ্রুত সেতু নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।











