খবরবাংলা ডেস্ক :
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি কোনো শারীরিক ক্ষতির শিকার হননি। তবে কারা গুলি চালিয়েছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











