মধুপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগের পর মোটরসাইকেলসহ অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেও পরে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আশিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিক জানান, তিনি কালিহাতী উপজেলার দ্বিমূখা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গত ১৪ ডিসেম্বর মধুপুর উপজেলার গোপদ গ্রামের আব্দুর রশিদের ছেলে আলামিন হোসেন বাবুর বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এর জেরে গত ১৯ ডিসেম্বর বিকেলে মধুপুরে সংবাদ সংগ্রহের কাজে গেলে গোপদ এতিমখানার কাছে বিজয় ইটভাটার সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন আশিক। পরে তিনি সন্ধ্যায় মধুপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আশিক জানান, মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম মোবাইল ফোনে তাকে বিষয়টি নিশ্চিত করেন।
তবে পরদিন শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন—এমন দাবি তুলে কোনো দালিলিক প্রমাণ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী আশিক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে টাঙ্গাইল পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযুক্ত ছিনতাইকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।











