মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে অনুমোদন ছাড়াই অবৈধভাবে পাথর ভাঙানোর কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এই কার্যক্রমে স্থানীয়দের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিয়মনীতি বা পরিবেশগত অনুমোদন ছাড়াই প্রতিদিন দিন-রাত পাথর ভাঙার কাজ চালানো হচ্ছে। এতে আশপাশের ঘরবাড়ি, দোকানপাট এবং মহাসড়ক সংলগ্ন এলাকাজুড়ে তীব্র শব্দদূষণ ও ধুলাবালির সৃষ্টি হচ্ছে।
ধুলার কারণে দোকানপাটে পণ্য নষ্ট হচ্ছে এবং সড়কে চলাচল করাও দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। পাশাপাশি পরিবেশ দূষণের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা আরও জানান, পাথর ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরাও স্বাস্থ্যঝুঁকির মধ্যে কাজ করছেন। ধুলা ও শব্দ দূষণের কারণে এলাকার পরিবেশ দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।
তবে “আল-মদিনা ওয়াশ প্ল্যান” নামের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন খান দাবি করেন, তারা ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে এখানে পাথর ভাঙার কাজ করছেন। তবে পরিবেশগত অন্যান্য অনুমোদন সম্পর্কে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব বলেন, এ বিষয়ে তিনি এখনো অবগত নন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।











