কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন উপজেলার বল্লা ইউনিয়নের বেহালাবাড়ী গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বল্লা থেকে কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আল-আমিন, আরোহী সোহাগ (১৬) এবং পথচারী সাদেক আলী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ ও সাদেক আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস ছালম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











