খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ঘোষিত মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











