মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে আবাদি জমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। চলতি ইরি-বোরো মৌসুমে সময়মতো জমিতে সেচ দিতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও বিপাকে রয়েছেন তারা।
শুক্রবার (২০ নভেম্বর) ও রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রাম থেকে এসব ট্রান্সফরমার চুরি হয়।
চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ ও সাইদুল নবীনের ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে শাহেদ আলীর একারই তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, চলতি ইরি-বোরো মৌসুমে ধানক্ষেতে নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। এ সময় সেচ কার্যক্রম ব্যাহত হলে ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রান্সফরমার চুরির কারণে ইতোমধ্যে সংশ্লিষ্ট সেচপাম্পগুলোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তাদের দাবি, দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে চলতি মৌসুমে বোরো আবাদে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।
মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ বলেন, ‘তিন দিনের ব্যবধানে বিভিন্ন গ্রাম থেকে একাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে সেচের পানি পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।’ তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তারাও উদ্বিগ্ন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রান্সফরমার চুরির অভিযোগের বিষয়ে পুলিশ কাজ করছে।











