মো. জাহাঙ্গীর হোসেন
,
মির্জাপুর প্রতিনিধিঃ
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে পৃষ্ঠপোষকতা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং প্রতিটি আইনপ্রণেতার নৈতিক কর্তব্য।
গত ১২ নভেম্বর মহান জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর নির্বাচনী এলাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘প্রেসক্লাব মির্জাপুর’-এর সদস্যদের উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করে বক্তব্য দিয়েছেন। তাঁর এই বক্তব্য শুধু মির্জাপুরের সাংবাদিকদের জন্য নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত পেশাদার সাংবাদিকদের জন্যও অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও আশাব্যঞ্জক।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তিনি মাঝেমধ্যে বসে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, প্রেসক্লাবের সাংবাদিকেরা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে থাকেন। তাই তাঁদের পেশাগত উন্নয়ন ও বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
একজন সংসদ সদস্য যখন মহান জাতীয় সংসদে মফস্বল সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ও পেশাগত উন্নয়নের বিষয়টি তুলে ধরেন, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি, মাননীয় সংসদ সদস্যের এই বক্তব্যে শুধু প্রেসক্লাব মির্জাপুরের সদস্যরাই নন, সারাদেশের উপজেলা পর্যায়ে কর্মরত অসংখ্য পেশাদার সাংবাদিক অনুপ্রাণিত হয়েছেন। এ জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
সত্যি বলতে, বর্তমান অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সংবাদ সংগ্রহ ও প্রচার এখন আগের তুলনায় অনেক সহজ। কিন্তু এর পাশাপাশি সাংবাদিকতার নামে অপেশাদার কর্মকাণ্ডও উদ্বেগজনকভাবে বেড়েছে। হাতে একটি স্মার্টফোন থাকলেই অনেকে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তাঁদের কেউ কেউ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নামে অসংখ্য সাংবাদিক সংগঠনের সাইনবোর্ড দেখা যায়। এসব সংগঠনের অনেকগুলোরই নেই সুস্পষ্ট নীতিমালা, পেশাগত মানদণ্ড কিংবা জবাবদিহি। ফলে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপসাংবাদিকতা ও অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে। এতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব অপতৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা রয়েছে।
তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে সৎ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা টিকে আছে। এর অন্যতম উদাহরণ ‘প্রেসক্লাব মির্জাপুর’। নিজস্ব ঐতিহ্য, নীতিমালা ও পেশাগত স্বকীয়তা বজায় রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে।
প্রায় চার যুগ আগে, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় প্রেসক্লাব মির্জাপুর। একটি উপজেলা শহরে এত আগে একটি সুসংগঠিত সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন যাঁরা, তাঁদের দূরদর্শিতা ও প্রজ্ঞা সত্যিই প্রশংসনীয়। তাঁরা শুধু একটি সংগঠন প্রতিষ্ঠা করেই দায়িত্ব শেষ করেননি; বরং এর স্থায়িত্ব, মর্যাদা ও পেশাগত মান বজায় রাখার জন্য একটি সুস্পষ্ট সংবিধানও প্রণয়ন করেছিলেন।
প্রেসক্লাব মির্জাপুরের সদস্য হওয়ার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে সুনির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড। সদস্য হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং জাতীয় কোনো সংবাদপত্র কিংবা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এমন কঠোর ও পেশাগত যোগ্যতাভিত্তিক নীতিমালার কারণেই তথ্যপ্রযুক্তির এই যুগে চারদিকে অসংখ্য সাংবাদিক ও সাংবাদিক সংগঠন গড়ে উঠলেও প্রেসক্লাব মির্জাপুরের সদস্যসংখ্যা মাত্র ২১ জন।
সংখ্যার চেয়ে পেশাগত মান ও নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। সংগঠনটির সদস্যরা স্থানীয় যেকোনো ঘটনা বা সমস্যা নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ করেন এবং যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করেন। ফলে মির্জাপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র নিয়মিতভাবে দেশের জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে উঠে আসে।
আমার বিশ্বাস, রাজনীতির মাঠ থেকে উঠে আসা এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রেসক্লাব মির্জাপুরের সাংবাদিকদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতা উপলব্ধি করেই মহান সংসদে তাঁদের উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়টি তুলে ধরেছেন।
তাঁর এই উপলব্ধি দেশের প্রতিটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যের মধ্যে থাকা প্রয়োজন। কারণ, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের একটি মাধ্যম। সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। একই সঙ্গে সংবাদমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবেও বিবেচনা করা হয়। একটি স্বচ্ছ আয়নায় যেমন সবকিছু স্পষ্ট দেখা যায়, তেমনি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রাষ্ট্রের অনিয়ম, দুর্নীতি, অসংগতি ও মানুষের সমস্যাগুলো তুলে ধরে। আর এর মধ্য দিয়েই গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হয়।
তাই সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা, তাঁদের নিরাপত্তা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করা এবং প্রকৃত পেশাদার সাংবাদিকতার বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া অত্যন্ত জরুরি। তবে এই পৃষ্ঠপোষকতা হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার সহায়ক; কোনোভাবেই সংবাদমাধ্যমের স্বাধীনতা বা বস্তুনিষ্ঠতার ওপর প্রভাব বিস্তারের মাধ্যম নয়।
পরিশেষে গভীর শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই দূরদর্শী মানুষদের, যাঁরা প্রায় চার দশক আগে প্রেসক্লাব মির্জাপুর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে প্রয়াত বাবু বিবেকানন্দ চক্রবর্তী, প্রয়াত কিসমত খোন্দকার, প্রয়াত দুর্লভ বিশ্বাস, অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, নিরঞ্জন পাল, আবুল কাশেম খানসহ যাঁদের উদ্যোগ, শ্রম ও প্রজ্ঞায় সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল।
একই সঙ্গে সৎ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পৃষ্ঠপোষকতায় মহান জাতীয় সংসদে ইতিবাচক বক্তব্য দেওয়ার জন্য টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।











