মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। চুক্তির আওতায় শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। প্রথম ধাপে এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন ৩০ জন শিক্ষার্থী।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, জীবনে এগিয়ে যেতে হলে নিজেকে অন্যদের চেয়ে স্বতন্ত্র ও যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের দক্ষতা অর্জন ও ভবিষ্যতে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও শিল্পায়নে বিসিক কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে পারেন। চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের চাকরিদাতা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এ প্রশিক্ষণের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন।










